২৮-৩০ নভেম্বরের মধ্যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সে আলোকে ২৮, ২৯ ও ৩০ নভেম্বর—এর মধ্যে যেকোনো একটি দিনে প্রধানমন্ত্রীর কাছে ফল প্রকাশের অনুমতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্মতির আলোকে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ২৮-৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল প্রকাশের প্রস্তাব করেছি। এ সময়ে বা এর আগে-পরে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ হবে।
২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে ২৮ নভেম্বর ফল প্রকাশের সম্মতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী। গত ১৫ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয় এবং ১ অক্টোবর পরীক্ষা শেষ হয়। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসেবে ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।
গতবার নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয় ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী। ওই বছর বোর্ডগুলোর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ৫ পায়। বোর্ডগুলোর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ছিল ৯৪ দশমিক ৮ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৯৩ দশমিক ২২ শতাংশ।