কাতার বিশ্বকাপে আজ মাঠে নামছে অন্যতম দুই ফেভারিট জার্মানি ও স্পেন। আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ‘ই’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি খেলবে এশিয়ার দল জাপানের বিপক্ষে, দোহার আল থুমামা স্টেডিয়ামে রাত ১০টায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ কোস্টারিকা। ‘এফ’ গ্রুপে আজ বিকাল ৪টায় মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো, রাত ১টায় লড়বে বেলজিয়াম ও কানাডা।
বৈশ্বিক ও মহাদেশীয় আসর মিলিয়ে ফুটবলের অন্যতম সফল দল জার্মানি। যদিও গত বিশ্বকাপে ভালো করেনি তারা। রাশিয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটে জোয়াকিম লুভের দলের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও গত আসরে নকআউটে উঠতে পারেনি জার্মানরা। অবশ্য লুভের জায়গায় আসা হ্যানসি ফ্লিক দলটিকে গুছিয়ে নিয়েছেন। সর্বশেষ ম্যাচে ওমানকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ডাই ম্যানশাফটা। অন্যদিকে, তাদের প্রতিপক্ষ জাপান গতবার শেষ ষোলোয় প্রায় হারিয়েই দিয়েছিল বেলজিয়ামকে।
১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপ জয় করা জার্মানি চারবারের রানার্সআপ ও চারবার তৃতীয় হওয়ার গৌরবের অধিকারী। এছাড়া তিনবার ইউরো চ্যাম্পিয়নশিপ, একবার অলিম্পিক স্বর্ণ ও একবার কনফেডারেশনস কাপ জয় করেছে জার্মানি।
এদিকে, জাপান খুব একটা ছন্দে নেই। বাছাইপর্বে সৌদি আরবের পেছনে থেকেই তারা পেয়েছে বিশ্বকাপের টিকিট। বছরজুড়ে ধারাবাহিকতার অভাব ছিল তাদের। গত সপ্তাহে প্রীতি ম্যাচে কানাডার কাছে ১-২ গোলে হেরেছে ব্লু সামুরাইরা। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই আজ জার্মানির মুখোমুখি হবে এশিয়ান জায়ান্টরা।
জার্মানি ও জাপান এখন পর্যন্ত চার ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে জার্মানি দুটিতে জিতেছে, ড্র হয়েছে অন্য দুটি ম্যাচ। এ নিয়ে ২০তম বিশ্বকাপ খেলবে জার্মানরা, এ কীর্তি আর আছে শুধুই ব্রাজিলের (২২ বার)। চলতি শতাব্দীতে এর আগে অনুষ্ঠিত পাঁচটি আসরের মধ্যে চারবার সেমিফাইনাল খেলেছে জার্মানরা। তারা ব্যর্থ হয়েছে শুধু ২০১৮ সালে।
এছাড়া প্রথম দল হিসেবে ২০২২ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করে জার্মানি এবং গত বছর অক্টোবরে কাতারের টিকিট নিশ্চিত করে ফ্লিকের দল। এবার মূল মঞ্চে আলো ছড়ানোর মিশনে নামছেন টমাস মুলার, ম্যানুয়েল নুয়্যাররা।
এদিকে, বিশ্বকাপে স্পেন ফুটবলের নতুন যাত্রা আজ। ২০০৮ ও ২০১২ সালের ইউরো এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেনের সোনালি প্রজন্মের বেশির ভাগই বিদায় নিয়েছেন। স্পেনের পতাকা এখন তরুণদের হাতে। একঝাঁক মেধাবী তরুণকে নিয়েই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে কাতার গিয়েছেন লুই এনরিকে। আজ মিশনে নামছে লা রোজারা।
স্পেনের নতুন প্রজন্মের দুই সেরা মুখ পেদ্রি ও গাভি, যারা টানা দুই মৌসুমে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন। তাদের মধ্যে সবাই খুঁজে পাচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের তারকা জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে। তারা কি পারবেন ২০১০ সালের স্পেনকে ফেরাতে?
তারুণ্যনির্ভর স্পেন দল আজ ‘ই’ গ্রুপের ম্যাচে পড়তে পারে কঠিন চ্যালেঞ্জের মুখে। মধ্য আমেরিকা অঞ্চলের দলটি অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে গড়া এবং এ দলটি আট বছর আগের ব্রাজিল আসরে সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। যদিও চার বছর আগে রাশিয়ায় তারা শোচনীয়ভাবে ব্যর্থ হয়, সেবার কোনো ম্যাচ জিততে পারেননি কেইলর নাভাসরা। কোস্টারিকানরা তাই রাশিয়ার নয়, ব্রাজিলের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে।
স্পেনও গত আসরের পুনরাবৃত্তি চাইবে না। রাশিয়ায় স্বাগতিকদের কাছে শেষ ষোলোয় হেরে বিদায় নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে কোচ বদল করায় স্পেনের ফল বিপর্যয় ঘটেছে বলে দাবি করা হয়।
সার্জিও রামোস, জেরার্ড পিকে, ইনিয়েস্তা, জাভি, ডেভিড সিলভা, ডেভিড ভিয়ার মতো গ্রেটটা বিদায় নিয়েছেন। কোচ লুই এনরিকে এখন ১৯ বছর বয়সী পেদ্রি, ২০ বছর বয়সী আনসু ফাতি ও নিকো উইলিয়ামস এবং ১৮ বছর বয়সী গাভিকে নিয়ে বাজি ধরেছেন।
১৯৮৬ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপ খেলেছে কানাডা। এরপর দীর্ঘ অপেক্ষা। কানাডার বর্তমান দলের অধিকাংশ খেলোয়াড় তাদের জীবনের পুরো সময় বিশ্বকাপে খেলার অপেক্ষায় কাটিয়েছেন। অবশেষে সেই সুযোগ এসেছে। আজ মাঠে নামছে তারা। যদিও শুরুতেই ভয়ংকর এক দলের মুখোমুখি হবে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও ফিফা র্যাংকিংয়ে দুইয়ে থাকা বেলজিয়ামকে মোকাবেলা করতে হবে শুরুতেই। কেভিড ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়াদের নিয়ে গড়া বেলজিয়াম দল রাশিয়ায় তৃতীয় হয়েছে, এবার কাতারে আরো বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছে। তাই কাজটি কঠিনই হতে পারে কানাডার।
কানাডার মিডফিল্ডার জোনাথন অসোরিও বিশ্বকাপে খেলা নিয়ে বলেছেন, আমরা এখন আর আশা করি না, বিশ্বাস করি। নিজেদের নিয়েও আমরা খুব আত্মবিশ্বাসী।
৩৬ বছর আগে মেক্সিকোয় অনুষ্ঠিত আসরে ফ্রান্স, হাঙ্গেরি ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে খেলে তিনটিতেই হেরেছে কানাডা, এমনকি ওই বিশ্বকাপে কোনো গোলও পায়নি দলটি। নতুন প্রজন্মের খেলোয়াড় আলফনসো ডেভিস, জোনাথন ডেভিড ও কাইল লারিনকে নিয়ে কানাডা দলটি এবার একেবারে খালি হাতে ফিরবে না হয়তো।
আজ ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও মরক্কো। লুকা মডরিচদের ক্রোয়েশিয়া চার বছর আগে রাশিয়ায় রানার্সআপ হয়। ইউরোপের শক্তিশালী এ দলটির সামনে আজ কঠিন পরীক্ষায় পড়বে আফ্রিকান প্রতিনিধি মরক্কো।