১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
এসময়ে সাংবাদিকদের সঙ্গে ডিবি অফিসের সামনে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তারা বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে।
বিএনপির এই দুই নেতা আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে দলের আবেদনের প্রেক্ষিতে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে।
ডা. জাহিদ বলেন, আমরা কমলাপুর স্টেডিয়াম তারা চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় তা সম্ভব না। পরে পুলিশের কাছে গোলাপবাগ মাঠের কথা বলা হলে লিখিত আবেদন করতে বলে পুলিশ। পরে লিখিত আবেদনের প্রেক্ষিতে তারা এ অনুমতি দিয়েছে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জানিয়েছে, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হবে। আজ (শুক্রবার) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।#
পার্সটুডে/