ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ফৌজদারি মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণের তোড়জোরের মাঝে ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদান সংক্রান্ত তদন্তের পর ম্যানহাটনের গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করেছেন। দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) ট্রাম্পকে অভিযুক্ত করা হয়। এর আগে কোনো সাবেক বা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের মুখোমুখি হননি।

ডেমোক্র্যাটিক দলের সদস্য ও ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে পরিচালিত তদন্তে অভিযোগ উঠে আসে। যা আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে নতুন রূপ দিতে পারে। ট্রাম্প আগেই বলে রেখেছিলেন, অভিযুক্ত হলে তিনি রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য প্রচার চালিয়ে যাবেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সুনির্দিষ্টভাবে অভিযোগ এখনো জানা যায়নি। শিগগিরই ঘোষণা করা হবে। ওই সময় আঙুলের ছাপ ও অন্যান্য প্রক্রিয়াকরণের জন্য ট্রাম্পকে ম্যানহাটনে যেতে হবে।

ট্রাম্পের আইনজীবীদের একজন সুসান নেচেলেস জানান, সাবেক প্রেসিডেন্টকে অভিযোগের বিষয়ে অবহিত করা হয়েছে। তবে তিনি কখন আত্মসমর্পণ করবেন তা জানেন না।

নাম প্রকাশ না করার শর্তে আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। তবে জেলা অ্যাটর্নি ব্র্যাগের অফিস মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

ম্যানহাটনের তদন্ত ট্রাম্পের জন্য বেশ কয়েকটি আইনি চ্যালেঞ্জের মধ্যে একটি। যা তার হোয়াইট হাউজে পুনরায় যাওয়ার স্বপ্নকে গুড়িয়ে দিতে পারে। গত সপ্তাহে প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপ অনুসারে, প্রায় ৪৪ শতাংশ রিপাবলিকান বলেছেন অভিযুক্ত হলে ট্রাম্পকে নির্বাচন থেকে বাদ দেওয়া উচিত।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মির সঙ্গে যৌন মিলনের পর তাকে মুখ বন্ধ রাখতে বড় অঙ্কের অর্থ দেয়া হয়। প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন, তিনিই ট্রাম্পের হয়ে স্টর্মি ও প্লেবয় ম্যাগাজিনের মডেল কারেনের কাছে অর্থ পৌঁছে দেন। তবে ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছিলেন। কোহেন এর মধ্যেই ভোটপ্রচারে নীতি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন।

ড্যানিয়েলস একজন সুপরিচিত প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক। তার প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড।

;