ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

রাষ্ট্রীয় ইনস্টিটিউশানগুলি দুর্নীতির ক্যানসারে আক্রান্ত : সোহেল তাজ

রবিবার (২৩ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তারুণ্যের প্রেরণায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ : বর্ণাঢ্য জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা এবং বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউশান ও সিস্টেম দুর্নীতি ক্যানসারে আক্রান্ত বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

তিনি বলেছেন, ‘আমরা যদি সিস্টেমিক বা ইনস্টিটিউশানাল দুর্নীতি কমাতে না পারি, তাহলে স্বাধীনতাযুদ্ধের যে স্বপ্ন ছিল, সেই সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব হবে না।’

রবিবার (২৩ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তারুণ্যের প্রেরণায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ : বর্ণাঢ্য জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা এবং বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল তাজ বলেন, ‘আমাদের সমাজ অভিশপ্ত হয়ে গেছে, প্রতিটা জায়গায় দুর্নীতি। যদি না আমরা সিস্টেমগুলোকে ঠিক না করি, তাহলে এর থেকে আমাদের পরিত্রাণ নেই। এ দেশের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমি বিশ্বাস করি, যে যেখানে আছি প্রত্যেকে নিজের জায়গা থেকে দেশের জন্য কিছু অবদান রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘তাজউদ্দীন আহমদ নিজেকে তৈরি করেছেন দেশের জন্য। বাবা যখন যুদ্ধে গেছেন তখন আমার মাকে বলেও যাননি। শুধু একটি চিরকুট লিখে গেছেন, যেখানে লেখা ছিল—সাত কোটি মানুষের মধ্যে মিলিয়ে যেও। যদি ফিরে আসি দেখা হবে। এটাই তাজউদ্দীন আহমদ। আজকে আপনারা যে কাজ করছেন, তার মধ্য দিয়ে সেই প্রতিফলনই ঘটতে যাচ্ছে।’

বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থার (বিটিএসএস) সঙ্গে সম্পৃক্ত গ্র্যাজুয়েট নার্স ও কলাকুশলীদের উদ্দেশে সোহেল তাজ বলেন, ‘আপনারা যারা সেবা খাতে কাজ করেন, তারা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সরাসরি মানুষের সেবা করতে পারছেন। আপনাদের কারণে একটি মানুষ তার জীবন ফিরে পাবে। একটি পরিবার ফিরে পাবে জীবনের দিশা।‘

মুক্তিযুদ্ধের আদর্শকে অন্তরে ধারণ করে দেশ ও জাতি গঠনে তরুণ নার্সিং কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নার্সিং পেশাকে পৃথিবীর সবচেয়ে মহৎ পেশা হিসেবে উল্লেখ করে গ্র্যাজুয়েট নার্স-কর্মকর্তাদের মাধ্যমে বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থা-(বিটিএসএস) গঠনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

আলোচনা সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ, দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতা, সব শহীদ বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে তাজউদ্দীন আহমদের জীবন ও কর্মের ওপর একটি ডকুমেন্টারি প্রকাশ করা হয়। বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থার (বিটিএসএস) সাংগঠনিক অভিভাবক ও প্রধান উপদেষ্টা তানজিম আহমেদ সোহেল তাজ সংস্থাটির নবগঠিত কমিটি ও সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় বক্তব্য দেন বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থার (বিটিএসএস) উপদেষ্টা ডা. খালেদ মোহাম্মদ ইকবাল ও বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থার চেয়ারম্যান এরশাদুর রহমান।

সম্রাট হোসেন

;