মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ১৪ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। রবিবার (২০ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি সংগঠন থেকে তাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশও করা হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন- রংপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল হোসেন আপেল, ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান, ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান মানিক, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, গজঘণ্টা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আল মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান আবির ও বড়বিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম। রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে বিজ্ঞপ্তিতে ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা অপরাধ তুলে ধরা না হলেও নাম না প্রকাশের শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও মন্তব্য করায় ১৩ জন এবং একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তাদের অব্যাহতি দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। তিনি আরও জানান, সংগঠন থেকে অব্যাহতি পাওয়া নেতাকর্মীদের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশটসহ বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে সংরক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের আর কোন কোন সদস্য ফেসবুকে পোস্ট করেছেন, তাও নজরদারিতে রাখা হয়েছে।