রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই তিন শিক্ষার্থী হলো রবিউল ইসলাম, মো. জুনায়েদ ও ওমর ফারুক। তাদের বয়স ১৫-১৬ বছরের মতো। তিনজনই মাদ্রাসার ছাত্র।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়।