ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ভাড়ায় মারামারি করতে এসে পুলিশের হাতে আটক ৪

নাটোরের গুরুদাসপুরে ভাড়ায় মারামারি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ৪ জন। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একপক্ষের ভাড়ায় এসে মারামারি করার সময় তারা আটক হয়।

আটককৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), বিপ্লব হাসান (১৮), মৃত ইদিল প্রাং এর ছেলে নজরুল ইসলাম (৪৭), মৃত হাতেম মণ্ডলের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩)।

এ ঘটনায় আহত কৃষক আব্দুল মজিদ বাদি হয়ে গুরুদাসপুর থানায় ১৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।
আব্দুল মজিদ জানান, নওপাড়া গ্রামের ঝাপু প্রাং এর ছেলে আব্দুস সালাম ও তার ছেলে আজাদুল প্রাং এর সাথে এক শতক জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিলো। শুক্রবার ইফতারের সময় হওয়ার পর পরিবারসহ তারা ইফতার করছিলেন। ইফতার শেষ না হতেই আব্দুস সালাম ও তার ছেলে আজাদুল পার্শ্ববর্তী রাজ্জাক মোড় এলাকা থেকে ১৫-২০ জন লোক ভাড়া করে নিয়ে এসে তাদের ওপর লোহার হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে অতর্কিত হামলা চালায়।

এ হামলায় নারী-বৃদ্ধসহ ১৪ জন আহত হয়েছেন। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। পরবর্তীতে স্থানীয় জনগণ ভাড়ায় আসা ব্যক্তিদের ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে।

চাপিলা ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান ভাড়ায় মাস্তান নিয়ে এসে মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইফতারের সময় এমন ঘটনা দুঃখজনক। যারা ভাড়ায় মাস্তান নিয়ে এসে হামলা মারপিট করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক।

অভিযুক্ত আব্দুস সালাম ও তার ছেলে আজাদুল প্রাং পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিলো। মামলা রজু করে ৪ জনকে আটক করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

;