চিকিৎসার জন্য ভারতে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের তিন দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত তিন দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্ন তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রউফ ঢাকা পোস্টকে জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবার (১৬ মে) তার সঙ্গে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।
সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা জানান , বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমাদের। খুবই দুশ্চিন্তায় আছি আমরা। বাবার খোঁজ পেতে সব উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।