সংবাদদাতা:
জীবননগরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মোছাঃ জেসমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূ। প্রসূতি জেসমিন খাতুন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মোহাম্মদ বকুল হোসেন এর স্ত্রী।ওই তিন নবজাতকদের দেখতে নার্সিং হোমে উৎসুক মানুষ ভিড় করে।
নার্সিং হোমের ডাক্তার হেলেনা আক্তার নিপা জানান, তিন নবজাতক ও প্রসূতি সম্পূর্ণ সুস্থ আছে। এক সাথে জন্ম নেয়া তিন নবজাতকের শারীরিক গঠন ও ওজন স্বাভাবিক রয়েছে।
জেসমিন খাতুনের স্বামী বকুল হোসেন বলেন, ২৬ জুন বুধবার বিকাল চারটার দিকে কেয়ার সনো নার্সিং হোমে স্ত্রীকে ভর্তি করেন এবং পরে বিকাল পাঁচটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন পুত্র সন্তানের জন্ম হয়। নবজাতক তিন পুত্র সন্তান ও তাদের মা জেসমিন খাতুন সম্পূর্ণ সুস্থ আছেন। এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম হওয়ায় তিনি সহ পরিবারের সবাই খুবই খুশি। এছাড়াও ওই দম্পতির নয় বছরের একটি মেয়ে রয়েছে বলে জানান তিনি।