ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মুক্তি

দূর, দূর, দূর।
হ্যাঁ, দূরের সব কিছুই সুন্দর।
কাছে থাকা অনেক কিছুই অসুন্দর।
গ্রামের বাইরে থাকা মানুষগুলোই
বোধ হয় গ্রামকে বেশি অনুভব করে।
জীবিকার তাগিদে শহরমুখী হওয়া
মানুষগুলো একটু কষ্ট পেলেই প্রশান্তি খোঁজে
গ্রামের নদী -নালা,খাল-বিল,সবুজ বনানী ;
আর ওই তুই বলা মানুষগুলোর মাঝে।
স্যার,ম্যাডাম আর আপনি শুনতে শুনতে
মানুষগুলো যেন হয়ে যায় সুরহীন সেতার।
সকাল- সন্ধ্যে, দায়িত্ব,কর্তব্য, আর সময়ের
আবর্তে ঘুরতে ঘুরতে হৃদয় হয় ক্লান্ত,অসাড়।
তুই কেমন আছিস? তুই কবে এলি?
থাকবিতো কিছুদিন? এই,ভালো আছিস?
যাওয়ার আগে অবশ্যই দেখা করবি –
এগুলোই প্রাণের মাঝের প্রাণ!
দূর ছায়! মাঝে মাঝে ছুটে চলে যেতে
ইচ্ছে করে ওই মানুষগুলোর মাঝে।
এলোমেলো ঘুরতে ইচ্ছে করে এবাড়ি- ওবাড়ি,
যেখানে- সেখানে, ইচ্ছেঘুড়ির পাখায় চড়ে।
এক সময় মানুষ মুক্তি চাই –
দায়িত্বের বোঝা নামাতে চায় মাথা থেকে।
কিন্তু মুক্তি মেলে না, এভাবেই পার হয়
দিন,মাস,বছর,যুগ, শতাব্দী।
সাদা কাফন গায়ে জড়ালেই কেবল মুক্তি-
সকল স্বপ্নের, সকল আকাঙ্খার, সকল
আবেগ- অনুভূতির আর দায়িত্ব- কর্তব্যের।
মুক্তি

 

রোজিনা সুলতানা রোজী
২৯-০৬-২০২৪ খ্রিস্টাব্দ

;