রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্ত নগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে। জামালপুর এক্সপ্রেসের ছয়টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেসের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজা এবং পারাবত এক্সপ্রেসের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার কাচ ভাঙচুর করা হয়।
চিঠিতে বলা হয়, বর্তমানে রেলগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেইস স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষ ব্যাপার। জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভূঞাপুর-ঢাকা পথে এবং পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা পথে চলাচল করে।
এদিকে গতকাল বুধবার ঢাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক।
ঢাকার গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, রামপুরা, বাড্ডা, নতুনবাজার, নদ্দা, কুড়িল, বনানী, মহাখালী ও ফার্মগেট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাভাবিক দিনের মতোই সড়কে গাড়ি চলছে।