ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গরু চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক

খুলনা প্রতিনিধি

গত দু’দিনে খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক ও চুরিকৃত ৫টি গরু, পিকআপ, ১টি গ্রিলকাটার ও একটি বড় হাসুয়া উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৬ জনের নামসহ অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। গতকাল রোববার ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। আটককৃত চোর সদস্যরা হলেন বাগেরহাট সদরের দশআনী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার(৩২), রূপসার নৈহাটি গ্রামের হাবিব শেখের ছেলে সালমান শেখ(১৯), মোল্লাহাটের কোদালিয়া গ্রামের ইবুল শেখের ছেলে রাসেল শেখ(২৬) ও একই উপজেলার কাহালপুর গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ ইকবাল হোসেন(২৭)।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকার মতিউর রহমানের একটি গরু চুরি করে পিকআপে তুলে খুলনার দিকে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে চোরদের পিকআপ আটকানোর চেষ্টা করে। চোরদের গাড়িতে খালি বেশ কিছু তেলের ড্রাম ছিলো। সেই ড্রাম পুলিশকে টার্গেট করে নিক্ষেপ করছিলো। এ সময় পুলিশের এসআই মিজানুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ির পিছু নেয়। পথে বিভিন্ন জায়গায় পুলিশের উপর ড্রাম নিক্ষেপ করে প্রতিরোধ করার চেষ্টা করে চোরেরা। পুলিশের ধাওয়া খেয়ে পিকআপটি গুটুদিয়া ওয়াপদা মাথা হয়ে শলুয়া বাজার দিয়ে বাইবাস রোড হয়ে আড়ংঘাটা, কৈয়া হয়ে রাজবাধ এলাকায় জনৈক আরিফের চায়ের দোকানের সামনে পৌঁছালে ১টি গরুসহ ৩ চোরকে পুলিশ জনগনের সহায়তায় আটক করে। এসময়ে ফকিরহাটের ইমদাদ নামের এক চোর পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়িটি জব্ধ করে। পরে ধৃত চোরের স্বীকারোক্তি মোতাবেক থানার তদন্ত ওসি মোঃ আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত একটি টিম মোল্লাহাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য মোল্লারহাটের কাহালপুর এলাকার কসাই ইকবাল হোসেনকে আটক করে। তার স্বীকারোক্তিতে একই গ্রামের কসাই হুমায়ুন মীরের বাড়ি থেকে বিভিন্ন এলাকা থেকে চুরিকৃত বিভিন্ন সাইজের আরো ৪টি গরু উদ্ধার করে পুলিশ। তবে হুমায়ুন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ি থেকে সরে পড়ে। আন্তঃজেলা চোরেরা খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোরসহ আশপাশ এলাকায় চুরিকৃত গরু কসাই হুমায়ুন মীর ও ইকবাল কসাইয়ে নিকট বিক্রি করে আসছে।

;