এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
২টি নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জার্জিস আলম রতনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রতন পৌর শহরের মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
(১০ মে,শনিবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা এবং ১৯ আগস্ট দিবাগত রাত ১০টায় সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়।
এই দুইটি মামলায় (৯ মে শুক্রবার ) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ‘গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনকে আদালতে পাঠানো হয়েছে।’