এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
মোবাইলের হেডফোন কানে লাগিয়ে বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ফেহা হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছে।
(২৮ জুন শনিবার) বিকাল ৫ টার দিকে সান্তাহার রেলওয়ে হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ফিহা নওগাঁ সদরের চকপ্রাণ এলাকার বেলাল আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক ফেহা হোসেন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় তার কানে হেডফোন লাগানো ছিল। তখন ওই লাইনে রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন আসছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের ধারণা কানে হেডফোন থাকায় ট্রেনের শব্দ শুনতে পাননি তিনি।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যহত রয়েছে।