চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একদল সদস্য অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হৈবতপুর গ্রাম থেকে এক কেজি ৪০০ গ্রাম সোনাসহ এক যুবককে আটক করেছে।
আটক যুবকের নাম আব্দুল জব্বার (৩২)। তিনি নওগাঁ সদরের কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে।
উদ্ধার করা সোনার বাজার মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, সোমবার রাতে বিজ্ঞপ্তিতে জানান, বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তারা দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামের পাঁচকবর এলাকা থেকে আব্দুল জব্বারকে আটক করে।এ সময় তার কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
আটক আব্দুল জব্বারকে সোনাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট