এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে: ( ১৪ ডিসেম্বর রবিবার) নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।