প্রতিনিধি ,
জীবননগর প্রাইড প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এই উৎসব চলে।
পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন নুরুল ইসলাম, রুহুল আমিন, রকিবুল ইসলাম ও সালাউদ্দিন রিপন মল্লিক। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি কাজী খালেকুজ্জামান খালিদ এবং পরিচালক মাসুদ পারভেজ রানা।
পিঠা উৎসবে মোট ১৫টি স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে ছিল ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতই, পুলি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা ও রকমারি খাবারের সমাহার। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
আয়োজকদের মতে, এই পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
দিনভর উৎসবকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।