ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আক্কেলপুর নকলের দায়ে বহিষ্কার মাদরাসাছাত্রী।

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:  জয়পুরহাটের আক্কেলপুরের অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী একক পরীক্ষার্থী নকলের দায়ে বহিষ্কার হয়েছে। বহিষ্কার শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার। (২৮ এপ্রিল মঙ্গলবার ) আক্কেলপুর সিনিয়র আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে আরবি ২য় পত্র পরীক্ষায় অংশ নেন সাদিয়া আক্তার। ওই মাদরাসা থেকে সে একক পরীক্ষার্থী ছিল। পরীক্ষা চলাকালীন নকল করার সময় হাতেনাতে ধরেন কক্ষের প্রদর্শক। পরে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের বিষয়টি কেন্দ্র সচিব মো. জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শুধু পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। বহিষ্কার হওয়া এই শিক্ষার্থীও মূলত জয়পুরহাট জামিয়াতুল ইসলমিয়া রাবেয়া বসরী মহিলা মাদরাসা কওমি বিভাগের ছাত্রী। অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদরাসার সুপার জিয়াউর রহমান বলেন, ‘মাদরাসা থেকে একজন পরীক্ষার্থীই অংশ নিয়েছিল। নকল করায় তাকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে এখনো আমাদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন চালু আছে।’ আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, ‘পরীক্ষায় নকল করার দায়ে মাদরাসার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

;