এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। (২১ জুন রবিবার ) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের তালশন কালীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের মো.ওছমান আলী খন্দকারের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় গতকাল রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।