ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে এ রোডে যানজট শুরু হয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে।মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গা এলাকায় নির্মাণাধীন আন্ডার পাসের দুই পাশে ৩০ কিলোমিটার তীব্র যানজট। 

যাত্রী ও হাইওয়ে পুলিশ সুত্র জানায়, দৌলদিয়া-পাটুরিয়া রোডের ফেরি চলাচল বন্ধ থাকায় গত ২-৩ দিন ধরে বিকল্প পথ হিসেবে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ তিন থেকে চারগুন বেড়ে গেছে। কালিয়াকৈরের চন্দ্রা হতে মির্জাপুরের জামুর্কি পর্যন্ত যানজটে স্থবির হয়ে পরেছে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, এক দিকে মহাসড়কের ৬ লেন ও কয়েকটি অভার পাস কাজের ধীরগতি এবং রাস্তা ভাঙ্গাচোরা, অপর দিকে মহাসড়কের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই-হাটুভাঙ্গা আন্ডার পাস এলাকায় ৫০০শ মিটার ভাঙ্গাচোরা রাস্তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। গত কয়েক দিন ধরে আন্ডার পাস এলাকার দুই পাশের অংশে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল দুষ্কও হয়ে পরেছে। একদিকে ভাঙ্গাচোরা রাস্তা, অন্য দিকে আন্ডার পাসের কাজ বন্ধ থাকায় দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা নিত্য দিনের যানজটে এ রোডে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গোড়াই আন্ডার পাস এলাকায় ভাঙ্গাচোরা রাস্তার দুই পাশে তীব্র যানজটে যাত্রীদের নাকাল অবস্থা।

পুলিশ, পরিবহন শ্রমিক এবং যাত্রীরা জানান, সবচেয়ে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে গোড়াই-হাটুভাঙ্গা এলাকায় আন্ডার পাস। গোড়াই-হাটুভাঙ্গা এলাকায় জমি অধিগ্রহণে জটিলতা দেখা দেওয়ায় বিশাল এলাাকা নিয়ে এই আন্ডার পাসের দুই দিকে কিছু কাজ করার পর নানা জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে।  দুই মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। একই অবস্থা মহাসড়কের নাটিয়াড়া, বাঐখোলা, করটিয়া, নগর জলফৈই, রামনা আন্ডার পাস ও এলেঙ্গা এলাকায় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিনিধি।

 

;