যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান তাঁর ভারত সফর শেষে বুধবার বিকেলে বাংলাদেশে তিন দিনের এক সফরে ঢাকা পৌঁছেছেন।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করা ছাড়াও দুপুরে প্রধানমন্ত্রীর সাথে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিকে,যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাঁর বাংলাদেশ সফর সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন ঢাকায় অবস্থানকালে স্টিফেন বিগান দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও আলোচনার মাধ্যমে দুই দেশের অংশিদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন। বিবৃতিতে বলা হয় তিনি সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়েও আলোচনা করবেন। করোনা ভাইরাস মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়েও তিনি আলোচনা করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু তোলা হবে এবং তাঁদের সন্মান জনক ও দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন চাইবে বাংলাদেশ। কর্মকর্তারা বলেন শুধু মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাংলাদেশ আগ্রহী নয় কারন এটি বিশাল এই সমস্যার একটি অংশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের কাছে অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। কর্মকর্তারা বলেন বিষয়টি যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা কালে তোলা হবে কারন এটা বাংলাদেশের একার দায়িত্ব নয় বরং এটা বৈশ্বিক দায়িত্ব। আলোচনায় বাংলাদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে বলে তাঁরা জানান। এছাড়াও আলোচনায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টিও তোলা হবে ।
প্রবাহঅনলাইন ডেস্ক