ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

১০ দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্রাঞ্চ পোস্ট অফিসের ই.ডি. কর্মচারীরা। গতকাল দুপুরে কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের সামনের সড়কে বাংলাদেশ পোস্টাল (ই.ডি.) কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ১৮টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ডিভিশনের ২১৬টি ব্রাঞ্চ পোস্ট অফিসের দুই শতাধিক ই.ডি. কর্মচারী অংশ নেন। বাংলাদেশ পোস্টাল (ই.ডি.) কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম কর্মসূচিতে নেতৃত্ব দেন। কর্মসূচি থেকে বক্তারা বাংলাদেশ ডাক বিভাগের গ্রামীণ ডাকঘরে কর্মরত অবিভাগীয় (ই.ডি) কর্মচারীদের মাসিক চলমান সম্মানী ভাতা তিনগুণ বাড়ানোর দাবি জানান।এদিকে সম্মানী ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন জেলা শাখা। গতকাল দুপুরে শহরের পোস্ট অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ চলার সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন মৌলভীবাজার জেলা সভাপতি অনন্ত চন্দ্র দত্ত, পাগুলিয়া বিও জিয়াউর রহমান, দশকাউনিয়া বিও আব্দুল করিম, লামুয়া বিও রাহেলা বেগমসহ অনেকে।
এ সময় তারা ভাতা বৃদ্ধি, প্রতিনিধি সমাবেশ, ই.ডি কর্মচারীদের বয়সসীমা নির্ধারণ, দুটি উৎসব ও বৈশাখী ভাতা প্রদান, ই.ডি ফান্ডে সরকারি বরাদ্দ প্রদান, শূন্যপদ পূরণ, পোশাক প্রদান, কমিটি গঠন ও নাইট গার্ড প্রদানের দাবি জানান।

অনলাইনপ্রবাহ ডেস্ক

;