চাঁদাবাজ প্রতারক লিটন অবশেষে র্যাবের হাতে আটক হওয়ায় তার বিচারের দাবিতে সন্ধ্যায় (সোমবার ১৯ অক্টোবর) আলফাডাঙ্গায় যুব সমাজ ঝাড়ু মিছিলের আয়োজন করে। গত ২ বছর যাবত এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইলে কৌশলে প্রতারণার ফাঁদ পেতে তাদের কথোপকথন মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
অন্য দিকে যারা টাকা দিতে অসম্মতি জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিদের সম্মান হানির অভিযোগ পাওয়া গেছে। ঝাড়ু মিছিল শেষে বাজার চৌরাস্তায় এক সংক্ষিপ্ত পথ সভায় বাংলাদেশ ছাত্রলীগ আলফাডাঙ্গা থানা শাখার সভাপতি মো: মিজানুর রহমান খান, সহ সভাপতি ডালিম শেখ তাদের বক্তব্যে প্রতারক লিটন সিকদারের বিরুদ্ধে কয়েক ডজন মামলা থাকায় তাকে গ্রেফতার করায় র্যাব প্রশাসনকে ধন্যবাদ জানান। প্রতারণার দায়ে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান।
এ সময় এলাকার শত শত যুবক বিচারের দাবিতে ঝাড়ু নিয়ে মিছিলে অংশ নেয়। ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ এর কমান্ডার দেবাশীষ কর্মকার ১৯ অক্টোবর ভোররাতে ভাঙ্গা উপজেলা সদর থানার সন্নিকটে একটি ভাড়া বাসা হতে তাকে আটক করে। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজি মামলার চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলো বলে র্যাব কর্তৃপক্ষ প্রতিবেদককে জানান।
আলফাডাঙ্গা উপজেলার চেয়ারম্যান একেএম জাহিদ হাসান জাহিদ জানান, স্থানীয়দের কাছে প্রতারক ও ছদ্মবেশী অপরাধী হিসেবে পরিচিত লিটন শিকদার এলাকার মানুষকে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
গ্রেফতারকৃত প্রতারক লিটন সিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের মৃত সিদ্দিক সিকদারের ছেলে। এ ব্যাপারের আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান তার গ্রেফতারের কথা শুনেছি তবে অফিসিয়ালি এখনো তাকে কিছু জানানো হয়নি বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাব তাকে ঢাকা সি আই ডি তে হস্তান্তর করা হয়েছে বলে ফরিদপুর র্যাব-৮ অফিস থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রবাহঅনলাইন ডেক্স