আকিমুল ইসলাম
কন্যাসন্তান জন্ম নিলেই উপহার সামগ্রী দেয়ার ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। ফোন করলেই সাথে সাথে পুলিশ বাড়িতে পেঁছৈ দেবে উপহার। জেলা পুলিশের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চুয়াডাঙ্গার সব মহলের মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের ফেসবুক পেজে পুলিশের দেয়া পোস্ট ভাইরাল হয়ে পড়েছে। কন্যাসন্তানের প্রতি বিশেষ যত্নবান হওয়ার জন্যই এই স্ট্যাটাসের উদ্দেশ্য।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পুলিশ একটি স্ট্যাটাস দেয়। সেখানে লেখা হয়েছে ‘কন্যাসন্তান বোঝা নয়, আশীর্বাদ। কন্যাসন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যাসন্তান মা-বাবার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ায় আগমন করে।
কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে।’ পুলিশকে কন্যাসন্তান জন্মানোর খবর জানানোর জন্য পুলিশ কন্ট্রোলরুমের একটি মোবাইলফোন নম্বরও (০১৩২০-১৪৯০৯৮) দেয়া হয়েছে। ফেসবুকে দেয়া জেলা পুলিশের এই পোস্টটি এক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘কন্যাসন্তান হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নবজাতক ও তার মায়ের জন্য পোশাকসহ উপহার সামগ্রী পাঠানো হবে।’ এখনও পর্যন্ত জন্ম নেওয়া কোন কন্যা সন্তান এ উপহার পায়নি