মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবে সরকার। প্রথম বছরই এ পুরস্কার পাচ্ছেন জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন গুণী। একইসঙ্গে এবার একটি প্রতিষ্ঠানও পাচ্ছে এ পুরস্কার।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক মো. শাফীউল মুজ নবীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের জন্য খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এ বছর প্রথমবারের মতো পুরস্কার পাচ্ছেন। এর বাইরে প্রতিষ্ঠান হিসেবে আদিবাসী ভাষা নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস এ বছর বাংলাদেশ সরকারের এ সম্মাননা পাচ্ছে।
২১ ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবেন। শাফীউল মুজ নবীন বলেন, সরকার আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ বছরই প্রথম এ সম্মাননা দেওয়া হচ্ছে। এখন থেকে প্রতি দুই বছর পর পর জাতীয় পর্যায়ে দুটি এবং আন্তর্জাতিক পর্যায়ে দুটি পদক দেওয়া হবে।
সুত্রঃকালেরকন্ঠ