চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, অ্যাডভোকেট আলমগীর হোসেন একজন গুণী ব্যক্তিত্ব। তিনি আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। জেলা আইনজীবী সমিতির অভিভাবক হিসেবে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে এক বিরাট শূন্যতা তৈরি হলো জানিয়ে মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম আলমগীর হোসেন গতকাল সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এ আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অনলাইন ডেস্ক