ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

অনিবন্ধিত সুদের কারবার বন্ধে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে নিবন্ধন ছাড়া যেসব সুদের ব্যবসা পরিচালিত হয় তা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের তালিকা করতে নির্দেশ দেয়া হয়। আজ সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি জাকির হোসেনের ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন।  এছাড়া অনুমোদনবিহীন আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করতে একটি বিশেষ কমিটি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয়া হয়। আদালত এসময় কোনো অনিয়ম পেলে তাত্ক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠান বন্ধে আইনগত ব্যবস্থার নির্দেশ দেন।

একই সঙ্গে উচ্চ সুদহারে ঋণ দেয়া স্থানীয় পর্যায়ের মহাজনদের তালিকা করতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেন আদালত। এসব বিষয়ে প্রতিবেদন দিতে দেড় মাস সময় দেয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

২৮ আগস্ট পত্রিকায় ‘চড়া সুদে ঋণের জালে কৃষকরা’ শিরোণামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে মহাজনদের উচ্চহারে অনানুষ্ঠানিক ঋণ প্রদানে নিষেধাজ্ঞার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়। ২২ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

 

সুত্রঃবনিকবার্তা

 

;