ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

স্যাটেলাইট ডিশবিহীন নতুন স্ট্রিমিং টিভি আনছে স্কাই

স্যাটেলাইট ডিশের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে কেবল ইন্টারনেট-নির্ভর স্ট্রিমিং টিভি সেবা আনতে যাচ্ছে স্কাই। ব্রিটিশ সম্প্রচার নেটওয়ার্ক স্কাই তাদের স্ট্রিমিং সেবা স্কাই গ্লাসকে ‘ঝামেলামুক্ত স্ট্রিমিং টিভি’ হিসেবে অভিহিত করেছেন। ১৮ অক্টোবর যুক্তরাজ্যে এবং আগামী বছর সারা বিশ্বে এ সেবা চালু করবে বলে জানিয়েছে তারা। খবর বিবিসি ও টেক রাডার।

বিশেষজ্ঞরা বলছেন নতুন এ স্ট্রিমিং টিভির মাধ্যমে বাজারের প্রচলিত টিভি সরবরাহকারী জায়ান্ট স্যামসাং ও সনির সঙ্গে প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছে স্কাইকে। অন্য একজন জানান, পুরনো মডেলের স্যাটেলাইট ডিশ থেকে বেরিয়ে আসার দাবি আসলে অনেক পুরনো। টিভি দেখার ওই মাধ্যমটি ছিল আসলে খুব ব্যয়বহুল।

স্কাই গ্লাস ব্যবহারও বেশ আয়াসসাধ্য এবং প্রথাগত স্যাটেলাইট ডিশ টিভির মতো ঝুটঝামেলা নেই। স্কাই গ্লাস টিভিতে এক্সটার্নাল কোনো বাক্স কিংবা শব্দের জন্য আলাদা সাউন্ড বার ব্যবহার করতে হচ্ছে না। কারণ টিভিতে বিল্ট ইন ডলবি অ্যাটমস থাকছে।

তিনটি ভার্সনে স্কাই গ্লাস টিভি পাওয়া যাবে; ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি। এতে থাকছে মাত্র একটি তার ও একটি প্লাগ। ফোরকে হাই ডেফিনিশন কোয়ান্টাম-ডট স্ক্রিন থাকছে টিভিটিতে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে স্কাই গ্লাস।

ওয়াইফাই কানেকশনে যদিও টিভি দেখা যাবে তবে স্কাই সাবস্ক্রিপশন নিয়ে রাখতে হবে। এতে বিবিসির আইপ্লেয়ার, অ্যামাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস ও আইটিভি হাবসহ অনেকগুলো প্লাটফর্মের কনটেন্ট পাওয়া যাবে। ডিভাইসটি তৈরিতে হার্ডওয়্যার পার্টনার থাকছে কারা এটি স্পষ্ট করেনি স্কাই। কোনো রকম বাফারিং বা ডিলে ছাড়া অনলাইনে কীভাবে কনটেন্ট দেখাবে এ বিষয়ও স্পষ্ট করেনি তারা। এছাড়া স্পোর্টস, কিডস, মুভিজ এমনতর বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার জন্য একজন গ্রাহককে কোনো প্যাকেজ নিতে বেশ কনফিউশনের মধ্য দিয়ে যেতে হবে। হার্ডওয়্যার সেগমেন্টটি অতি সরল রাখলেও সেবার প্যাকেজগুলো নিয়ে গ্রাহকরা বেশ ঝক্কিঝামেলার মধ্য দিয়ে যাবে বলে মনে করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।

;