মনিরুল ইসলামঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে ২য় শ্রেণির ছাত্র ইয়ামিনকে (১০) গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত বালকের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে কানাইডাঙ্গা বৃত্তিপাড়ার সেলিম উদ্দিনের ছোট ছেলে ইয়ামিন বাড়ির পাশে আম বাগানে বন্ধুদের সাথে খেলা করছিল। খেলার সময় একই গ্রামের সাবেক মেম্বারের ছেলে জাহিদ (১৬) তাকে হাসুয়া দিয়ে আম বাগানেই গলা কাটে। এর পর সেখানকার পুরনো একটি পাকা কবরস্থানের ভিতর তার লাশ ফেলে পালিয়ে যায়। এ সময় খেলার সাথীরা বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে ছুটে যান।
ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতকদের আটক করতে অভিযান চলছে বলেও তিনি জানিয়েছেন।