ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সৌদি আরব,আরব আমিরাতের দেশগুলোতে রমজান শুরু কাল

সৌদি আরব, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে এশিয়ার এ অঞ্চলগুলোয় রোজা শুরু হচ্ছে।

আজ শুক্রবার গালফ নিউজের খবরে বলা হয়, আকাশে অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুসারে, আগামীকাল থেকে সৌদি আরবে রোজা শুরু হচ্ছে।
ওমানের সুলতানের দফতরের বরাত দিয়ে খবরে বলা হয়, আজ ১ এপ্রিল ছিল শাবান মাসের শেষ দিন। আগামীকাল ২ এপ্রিল থেকে শুরু হবে রমজান। সে ক্ষেত্রে আরব আমিরাতের দেশগুলোতে রমজানের প্রথম দিন রোববার।

সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে পবিত্র মাসটিতে দেশের সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের কাজের সময় কমানোর ঘোষণা দিয়েছে।

এদিকে বাংলাদেশে রোজা কবে থেকে শুরু তা জানতে আগামীকাল শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুর হক খান।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামী রোববার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এদিন থেকেই রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে আগামী সোমবার।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

;