ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় চিংড়া জেলেপল্লীতে রাস্তা ঘিরে দখলে নিয়েছে প্রভাবশালীরা, অবরুদ্ধ ৭ পরিবার

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ

খুলনার ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নে দক্ষিণ চিংড়া জেলেপল্লীতে ২ যুগেরও বেশি পুরাতন ইটের সোলিং রাস্তা দুই পাশ ঘিরে দখলে নিয়েছে প্রভাবশালী এক পরিবার। তুলে ফেলা হয়েছে রাস্তায় থাকা সমুদয় ইট। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে পুলিশ, সেনাবাহিনী সদস্য সহ ৭টি পরিবার। প্রতিকারের আশায় স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও থানা পুলিশের দ্বারস্ত হয়েছেন অবরুদ্ধ পরিবারগুলো। সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চিংড়া এলাকার মৃত জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সুধান বিশ্বাস, অশোক বিশ্বাস ও প্রভাষ বিশ্বাস স্থানীয় আধিপত্য বিস্তারের লক্ষ্যে কখনও জমিজমা, আবার কখনও মারপিট হুমকি দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার‌ই জের ধরে গত রবিবার সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে তার বাড়ির সামনে দিয়ে যাতায়াত সড়কের প্রায় ৪০ ফুট ইটের রাস্তা দুই মাথা আটকে দিয়ে সেখানে থাকা ইটগুলি তুলে নিজ বাড়িতে রেখেছেন। এছাড়া রাস্তাটি খুড়ে গাছ রোপণ ও মধ্যখানে একটি বাথরুম নির্মাণও করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত কার্তিক বিশ্বাস,পরিমল বিশ্বাস,নির্মল বিশ্বাস,সাধন বিশ্বাস, ও রতন বিশ্বাস বলেন, প্রভাবশালী সুধান বিশ্বাস স্থানীয় আধিপত্য বিস্তারের জন্য যাকে তাকে মারপিট সহ জমিজমা নিয়ে এলাকায় অহেতুক হয়রানি করে আসছেন। ঘটনার দিন সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রথমে ত্রাস সৃষ্টি করে এরপর মূহুর্তের মধ্যে রাস্তার দুমুখ ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দেয়। ভয়ে আমরা মুখ খুলতে সাহস পাই না। বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি বন্ধ করার ফলে আমরা গৃহবন্দি হয়ে পড়েছি। এতে ছেলে মেয়েদের বিভিন্ন পরিবারের উঠান ও বারান্দা দিয়ে প্রায় আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হচ্ছে। সাবেক ইউপি সদস্য শেখ আঃ কাদের ও ইউপি সদস্য হাদিউল মোল্লা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুই যুগেরও বেশি পুরাতন সড়কটি যেখানে ইতোপূর্বে সরকারি অর্থায়নে মাটির কাজ, পাইলিং ও স¤প্রতি সরকারি ইট বসিয়ে জনদূর্ভোগ লাঘব করা হয়েছে। হঠাৎ ওই রাস্তাটিতে সুধান বিশ্বাস প্রায় ৪০ ফুট রাস্তার দুই মাথা ঘিরে ইটগুলো তুলে নিজ বাড়িতে রেখে দখলে নিয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ৬/৭টি পরিবার। এটি ন্যাক্কারজনক ঘটনা। বিষয়টি উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

;