ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পটিয়া ও মানিকগঞ্জে সড়কে ঝরল ৯ প্রাণ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ও মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মোট নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১১ জন যাত্রী। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আজ সোমবার রাত ৮টা দিকে পটিয়া উপজেলার জলুর দিঘিরপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশার পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে অটোরিকশার পাঁচজন ও বাসের এক যাত্রী নিহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, পটিয়ার জলুর দিঘি ও বাইয়ার দিঘির মাঝামাঝি স্থানে পৌঁছালে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। বাস ও অটোরিকশাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে পটিয়ার দিকে যাচ্ছিল। এমন সময় এ ঘটনা ঘটে। এতে আটজন যাত্রী আহত হয়।

অন‌্যদিকে মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন আরোহী। আজ সোমবার দুপুরে ও ঈদের দিন রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক ও সিংগাইর-হেয়ামেয়তপুর আঞ্চলিক মহাসড়কে আলাদা ‍তিন দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরগেন্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল আমিন (৪৫), ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার জুবায়ের (১৪) এবং সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে হাজি মিয়া (২৬)। দুর্ঘটনায় আহত তিন আরোহীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আজ বেলা ১১ টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় ট্টাক ও মোটরসাইকেলের সংর্ঘষে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল আমিন নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী তাওহিদুল ইসলাম।

একই মহাসড়কে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংর্ঘষে নিহত হয় জুবায়ের নামে এক কিশোর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু তুষার। তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ঈদের দিন রাতে সিংগাইর-হেমায়েতপুর সড়কের চর নয়াডিঙ্গী এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় নিহত হয়েছেন হাজি মিয়া নামে বিদেশ ফেরত এক ‍যুবক। মোটরসাইকেল আরোহী অপর এক যুবক আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

;