ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সান্তাহারে পথহারা যমজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল রেলওয়ে পুলিশ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বগুড়ার সান্তাহারে আট বছর বয়সী পথহারা যমজ শিশু আব্দুল্লাহ মাহিন ও আব্দুল্লাহ নোহাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে থানা পুলিশ। ওই দুই শিশু কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ভাতরা গ্রামের মৃত মাসুমের ছেলে। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বড় ভাই ইবনে ইসায়েত সাফির কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও শিশুদের পরিবার সূত্রে জানা যায়, পাঁচ মাস বয়সে মাহিন ও নোহার বাবা মারা যান। পরবর্তীতে তাদের মা মরিয়ম আক্তার মিনির অন্যত্র বিয়ে হয়। এরপর থেকে শিশু দুটি ঢাকার মুগদা থানার পূর্ব মানিকনগর ওয়াসা রোড এলাকায় ফুপু মনি বেগমের বাসায় থাকত। তারা মানিকনগর জামিয়া ইসলামিয়া জহির উদ্দীন আহম্মেদ মাদরাসায় লেখাপড়া করে। হঠাৎ মাদরাসা থেকে বেরিয়ে তারা কমলাপুর রেলস্টেশন এসে ট্রেনে ওঠে। রবিবার (৬ নভেম্বর) ভোরে ওই দুই শিশু জয়পুরহাট স্টেশনে নেমে প্লাটফর্মে ঘোরাফেরা করছিল। এ সময় সান্তাহার রেলওয়ে থানার এসআই মাজেদ ও রেজাউল তাদের দেখতে পান। জিজ্ঞাসাবাদ করলে গন্তব্য জানাতে না পারায় দুজনকে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদের কাছে থাকা মাদরাসার পরিচয়পত্র থেকে ফোন নম্বর সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানান, শিশু দুটি পাঁচবিবিতে নামলে আর দালাল চক্রের চোঁখে পড়লে তাদের পাচার করে দেওয়ার সম্ভাবনা ছিল। পুলিশের চোঁখে পড়ায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

;