ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরের উথলীতে রেল কোয়ার্টার থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

এম.এইচ.সম্রাট।। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেলওয়ের কোয়ার্টার থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২৮শে আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় এসব স্বর্ণালঙ্কার চুরি হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের উথলী এলাকায় কর্মরত মিস্ত্রী ভুক্তভোগী আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘রেলওয়ের উথলী কোয়ার্টারে দুটি রুম নিয়ে পরিবারসহ আমি বসবাস করি।

অন্যান্য দিনের ন্যায় রাতের খাবার খাওয়া শেষে পাশের রুমটিতে তালা মেরে আমি স্ত্রী-সন্তানকে নিয়ে সোমবার রাত ১১টার দিকে অন্য রুমে ঘুমিয়ে পড়ি। ওই রাতের কোনো এক সময় আমার রুমের এবং ওয়ারড্রপের তালা ভেঙে ৭ আনা ওজনের স্বর্ণের এক জোড়া হাতের বালা, ৮ আনা ওজনের স্বর্ণের একটি চেইন, ৮ আনা ওজনের স্বর্ণের এক জোড়া কানের দুল এবং এক ভরি ৫ আনা ওজনের স্বর্ণের একটি গলার সীতা হার চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বিষয়টি আমি লক্ষ্য করি। এ বিষয়ে কোয়ার্টারে বসবাসকারী রেলওয়ের একজন কর্মচারীর নাম উল্লেখ করে বুধবার জীবননগর থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি।’ তিনি আরও বলেন, ‘কোয়ার্টারে রেলওয়ের স্টাফ ছাড়া অন্য কেউ বসবাস করে না। তাছাড়া কোয়ার্টারে বাইরের লোকের তেমন একটা যাতায়াতও নাই। আর বাইরের লোকতো জানবেও না আমার রুমের কোথায় স্বর্ণালঙ্কার রয়েছে। তাছাড়া ওয়ারড্রপের ড্রয়ারে ইমিটেশনের গহনা থাকলেও চোর সেগুলো না নিয়ে শুধুমাত্র স্বর্ণের গহনাগুলোই নিয়ে গেছে। জানাশোনা মানুষ ছাড়া একাজ অন্য কারোর পক্ষে করা সম্ভব না।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

;