রংপুরের পীরগাছা উপজেলার দেউতিতে শ্বশুর বাড়িতে দাওয়াতে এসে আবু তাহের নামে (৪৫) এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আবু তাহের একই এলাকার আয়নালের ছেলে। রোববার (১৫ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ৩০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ চলছিল স্থানীয় নূর হোসেন ও আবু কালামের। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। মীমাংসা উপেক্ষা করে রোববার থেকে ফের উত্তেজনা ছড়ায় আবু কালামের লোকজন।
একপর্যায়ে মধ্যরাতে বেশকিছু লোকজন নিয়ে নূর হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় দাওয়াতে আসা নূর হোসেনের বোন জামাই আবু তাহের দরজা খুলে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু তাহেরের শ্যালক নূর হোসেন জানান, ভগ্নীপতিকে দাওয়াত দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর তাকে বাড়ি যেতে দেইনি। রাত আড়াইটার হঠাৎ বেশকিছু ছেলে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। এসময় আমার ছেলে ও ভগ্নীপতি বের হলে তাদের ওপর হামলা চালায়। এতে রাতে আবু তাহের মারা যায়। আমি এ হত্যার বিচার চাই।
নিহতের ছেলে রাসেল জানান, আমার বাবাকে রাতে মামা দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতে এসেছিলেন বাবা। উনি তো কারো সঙ্গে মারামারি করেননি। ওনাকে বাড়ি থেকে টেনে নিয়ে কেন মারলো তারা?
রংপুরের পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদদাতা