হবিগঞ্জের মাধবপুরে সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী চা শ্রমিক যুবতী। শনিবার দুপুরে উপজেলার আখাউড়া সিলেট রেল সেকশনের তেলিয়াপাড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার সুরমা চা বাগান মাহজিল ডিভিশনের বলরাম সাঁওতালের স্ত্রী মন্দিরা সাওতাল (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চা শ্রমিক গৃহবধূ তেলিয়াপাড়া রেল স্টেশনের নিকট একটি লাল ব্যাগ নিয়ে ঘুরাফেরা করছিল। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন তেলিয়াপাড়া আসা মাত্র সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। মৃত্যুর পর লাল একটি ব্যাগে তার সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। নোটে লেখা ছিল, আমি পেকটেন, বলরাম তা শিকার করেছে।আমি আত্মহত্যা করছি। কখনও ক্ষমা কর না। ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে কাঁচা হাতের লেখা ছিল এ সুইসাইড নোটে। স্থানীয় ইউপি সদস্য লতিফ হোসেন জানান, সুরমা চা বাগানের মাহজিল ডিভিশনের বলরাম সাঁওতাল ২ বছর আগে মাহজিল এলাকার রমেশ মরমুর মেয়ে ঝর্ণা মরমুর সাথে পরকীয়ার সম্পর্ক করে তাকে বিয়ে করে। ঝর্ণাকে বিয়ের পর বলরাম সাঁওতালের সংসারে দুই সতীনের মধ্যে গৃহবিবাদ ছিল নিত্যদিনের। মন্দিরা সাঁওতাল স্বামী ও সতীনের সংসারে চরম বঞ্চনা ও অবহেলার শিকার হয়। ধারণা করা হচ্ছে, এ কারণে ক্ষুব্ধ হয়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁিড়র ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি রেলের আওতাধীন হওয়ায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট