ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ছেঁউড়িয়ায় তিন দিনের লালন মেলা শুরু আজ

কুষ্টিয়ার ছেঁউড়িয়া কালি নদীর পাড়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন মেলা। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়ার লালন একাডেমি এ মেলার আয়োজন করেছে।

তিন দিনের এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে লালনভক্তরা জড়ো হতে শুরু করেছেন ছেঁউড়িয়ায়। সাধু-ভক্তদের আড্ডায় মুখর হয়ে উঠেছে লালন আখড়া। এ বছরও লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এখন চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরও নানা আয়োজন।

শেষ প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন আখড়াবাড়িকে ঘিরে এ মেলায় অংশ নিতে আসা দোকানিরা। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও বাউল দর্শনের ভাবাবেগে উৎসুক দর্শকদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব বলেন, ‘প্রতি বছরই সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলায় অংশ নেন সারা দেশ থেকে আসা হাজারো মানুষ। তাদের নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা বলেন, ‘ফকির লালন সাঁইজির তিরোধান পালনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতীতে আমরা যেভাবে এই মরমি সাধককে স্মরণ করেছি এবারেও সেভাবে স্মরণ করা হবে। আমরা এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় আছি।’

তিনি বলেন, ‘লালনের সব অনুষ্ঠানে বিদেশিরাও আসেন। তাদের যেন কোনো নিরাপত্তার অভাব না হয়। সেজন্য আমরা কঠোর নিরাপত্তা বলয় সাজিয়েছি। তারা বিগত দিনে যেমন স্বাচ্ছন্দ্যবোধ করতেন এবারেও যেন সেরকম স্বাচ্ছন্দ্যবোধ করেন সে ব্যাপারে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’

লালন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য সেলিম হক বলেন, ‘১৭ অক্টোবর লালন শাহের তিরোধান দিবস। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের লালন উৎসবের মূল আয়োজন।’

প্রতিনিধি

;