প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে একই রাতে ৬ দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে জীবননগর বলাকা বুক হাউস, মুক্তার ইলেকট্রনিক্স, তোতা কম্পিউটার, মা কসমেটিকস, শোয়াইব ইলেকট্রনিক এবং জাফরের মুদি দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা চুরির আতঙ্কে রয়েছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানানো হয়েছে।
বলাকা বুক হাউসের অনিক আহম্মেদ বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। সকাল ৬টার দিকে দোকানে এসেছে দেখি ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। চোরের মুখ ঢাকা থাকায় সিসি ক্যামেরায়ও চোরকে চেনা যায়নি।
বলাকা বুক হাউসের স্বত্বাধিকারী লিটন বলেন, দীর্ঘদিন ধরে বাজার কমিটি নেই। এ বিষয়ে কেউ উদ্যোগও নিচ্ছে না। এ কারণে নানা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। প্রায়ই চুরির ঘটনা ঘটছে। আমরা এ বিষয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানায় যেনো দ্রুত আমাদের বাজার কমিটি গঠন করা হয়।
তোতা কম্পিউটারের স্বত্বাধিকারী তোতা বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি শাটার কোনো কিছু দিয়ে উঁচু করে চোর দোকানে প্রবেশ করেছে। চোর দোকান থেকে ১০-১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস বলেন, ঘটরা শোনার পর পরই পুলিশ সদস্যরা চুরির ঘটনা দোকানগুলো গিয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে তারা চোরকে শনাক্তের চেষ্টা করছেন। আশা করছেন দ্রুতই চোরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। –