ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নির্বাচন ঘিরে জীবননগরে পুলিশের তৎপরতা বৃদ্ধি

প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে থানা-পুলিশ।
জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত চেকপোস্টে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও চলাচলকারী যানবাহনে তল্লাশি চালানো হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওসি সোলায়মান শেখ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। প্রতিদিনের মতো আজও শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
ওসি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে পুলিশের টহল ও চেকিং কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;