ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মার খেয়ে হাসপাতালে প্রেমিক

রাতের আঁধারে প্রেমিকার সাথে লুকিয়ে দেখা করতে গিয়ে ইউপি সদস্য কর্তৃক বেধড়ক মারধরের শিকার হয়েছে প্রেমিক তামিম হোসেন (১৭)। মারধরের পর তামিম অজ্ঞান হয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তামিম উপজেলার চরবাউশিয়া বড় কান্দি গ্রামের আলম বেপারীর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

আহত ওই স্কুল ছাত্র এবং তার স্বজনরা জানান, বাউশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আল মামুনের মেম্বারের শ্যালিকার সাথে স্কুলছাত্র তামিমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার স্কুলছাত্র তামিমকে ফোনে একাধিকবার এসএমএস ও কল করে বাড়িতে আসতে বলে আল মামুন মেম্বারের শ্যালিকা। এদিকে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে রাত ১১টার দিকে ওই স্কুলছাত্র আল মামুন মেম্বারের বাড়িতে তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে যায়। এসময় আল মামুন মেম্বার ও তার স্ত্রীসহ ৪/৫জন ওই স্কুলছাত্রকে ছাদে নিয়ে আটকে রেখে বেধড়ক মারধর করে। মারধরে সে অজ্ঞান হয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউর রহমান।

আল মামুন মেম্বারের দাবি, তামিম ডাকাতির উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করে তার শালীর শ্লীলতাহানির চেষ্টা করে। এজন্য তারা যৌন হয়রানির অভিযোগ এনে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে বিষয়টি অস্বীকার করে প্রেমিক তামিম জানান, মামুন মেম্বারের স্ত্রীর ও আমার মোবাইলের কল লিস্ট এবং এসএমএস চেক করলে বিষয়টা আপনাদের পরিষ্কার হবে। ডাকাতির উদ্দেশ্যে নয় আমি প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলাম।

বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া থানার ওসি (তদন্ত) মামুন আল রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয় পক্ষ থেকে থানায় দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাহঅনলাইন ডেস্ক

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;