ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচন। রবিবার দুপুর থেকে নির্বাচনী এলাকার ৩৩টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। চুয়াডাঙ্গা পৌরসভায় এই প্রথম ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এরইমধ্যে ৩৩টি ভোট কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম)’র মাধ্যমে পরীক্ষামূলক ভোট প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) প্রযুক্তির মাধ্যমে ভোট প্রদানের ধারণাও দেয়া হয়েছে।

নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া, নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর ৩টি পদে মোট ১৩ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর ৯টি পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, গত বুধবার সকালে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু মারা যাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৬৭ হাজার ৭৭৪ জন। যার মধ্যে পুরুষ ৩২ হাজার ৮০৪ জন এবং নারী ৩৪ হাজার ৯৭০ জন ।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।

রেজাউল করিম লিটন

;