ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দর্শনায় দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক দুর্ঘটনায় নজির আহাম্মদ (৭০) নামে বৃদ্ধ নিহত ও ৫জন আহত হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নজির আহাম্মদ দর্শনা পৌর এলাকার পরানপুরের মোবারক মন্ডলের ছেলে ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি আওয়াল হোসেনের বড় ভাই।
দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান কাজল জানান, শনিবার দুপুরে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি চিনিকলের একটি আখবোঝাই ট্রলি চাকা বিকল হওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৯টার দিকে নজির আহাম্মদ পরিবারের লোকজন নিয়ে থ্রি হুইলারযোগে (সিএনজি) দর্শনায় ফিরছিলেন। থ্রিহুইলার চালক সুজন বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ীর আলোয় নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা আখবোঝাই ট্রলির পিছনে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারের সামনে বসে থাকা নজির আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। ওই সংঘর্ষে নজির আহাম্মদের স্ত্রী জাহানারা খাতুন (৬২), দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের মিজানুর রহমানের ছেলে থ্রি হুইলার চালক সুজন (২৫), ১৭ মাস বয়সী নাহিদুলও তার মা নাস্তিপুর গ্রামের এরশাদের স্ত্রী নাজিরা (৩৫) এবং রামনগর গ্রামের চানমিয়ার স্ত্রী শাহানা (৪০) মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে।

এফএ আলমগীর

;