হাসান আহমেদ
দেখতে গোলাকার,সুস্বাদু ও রসালো একটি জাতের কুল বল সুন্দরী জাতের কুল চাষ করে ব্যাপক লাভের মুখ দেখছে জীবননগর উপজেলার উথলী গ্রামের মরহুম রূপো মন্ডলের ছেলে আঃ মালেক মিয়া। কুল চাষি মালেক মিয়া জানান,উথলী এলাকায় কাটাখালী মাঠে ২ বিঘা জমি লিজ নিয়ে কুল চাষ শুরু করেন তিনি। গতবছর এই জমিতে আপেল কুল চাষে তেমন ভালো ফলন না পাওয়ায় এবার আপেল কুল গাছের ডাল ছেঁটে দিয়ে বল সুন্দরী গাছের কলম বেঁধে দেন তিনি।প্রতিটি গাছে আশানুরূপ কুল ধরায় ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।২ বিঘা জমিতে সর্বমোট ৫০ হাজার টাকা খরচ করে এখন পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার টাকার কুল বিক্রি হয়েছে। মনপ্রতি বল সুন্দরী কুলের পাইকারি বিক্রয় মূল্য ১৬ শত টাকা।বর্তমান বাজারমূল্যে বিক্রয় করলে এখনো বাগান থেকে ৪ থেকে ৫ লক্ষাধিক টাকার কুল বিক্রি হবে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুলের ব্যাপারীরা সরাসরি বাগান থেকে পাইকারি দামে কুল ক্রয় করছেন। এই জাতের কুল চাষে লাভবান হওয়াই আগামীতে আরও ২ বিঘা জমিতে কুল চাষের প্রস্তুতি নিচ্ছেন এই কুল চাষি। আঃমালেক মিয়ার বল সুন্দরী কুল চাষের সাফল্য দেখে স্থানীয় অনেক চাষিরা এই জাতের কুল চাষের আগ্রহ প্রকাশ করেছে।প্রতিদিন অনেকেই তার কুল বাগান পরিদর্শন করছেন ও এই জাতের কুল চাষ পদ্ধতি সম্পর্কে পরামর্শ নিচ্ছেন।