ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বঙ্গবন্ধুর কন্যা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন: পানিসম্পদ উপমন্ত্রী

 প্রবাহ অনলাইন :

  পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী  শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ সমৃদ্ধশালী হয়। শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত। জাতিসংঘে রাষ্ট্র প্রধান হয়ে ১৮ বার বক্তব্য দিয়ে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার নেতৃত্ব দেখে বিশ্বনেতারা মনে করেন শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। তার কাছে অনেক কিছুই শেখার আছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগায় বীরমুক্তি যোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

এসময় উপমন্ত্রী  আরো বলেন, শেখ হাসিনা উন্নয়নে গ্রামের নাগরিক সুবিধা বেড়ে শহরে রূপান্তরিত হচ্ছে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে  নির্মাণাধীন এ অডিটরিয়ামে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড ও অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি হবে। বিয়ের অনুষ্ঠান গরিব মানুষ অল্প খরচে সম্পন্ন করতে পারবে। এর ফলে অত্র এলাকায় আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।

আগামীকাল ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্মদিন উপলক্ষে তিনি দেশবাসীর কাছে তার দীর্ঘ হায়াত চেয়ে আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ জানান। এর আগে তিনি দরিদ্রদের স্বাবলম্বী করতে শেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় বীর মুক্তযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;