ডুমুরিয়া, (খৃলনা,)সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাত মামলায় এসএম জয়নাল আবেদীন নামে সাবেক ইউপি চেয়ারম্যান কে জেল-হাজতে প্রেরণ করেছে আদালত। উপজেলার গজেন্দ্রপুর দক্ষিন পাড়ার মৃত আলেক গাজীর স্ত্রী বিধবা রেশমা বেগম মামলাটি দায়ের করেন। মামলার বিবরণী সূত্রে জানা যায়, ঘটনার দিন ২০২০ সালের ১০ জানুয়ারি উপজেলার সাহস ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান এসএম জয়নাল আবেদীন গজেন্দ্রপুর এলাকার রেশমা বেগম, সুফিয়া বেগম,খাদেজা বেগম, নাজমা বেগম, সাহিদা বেগম, ফাতেমা বেগম, আমেনা খাতুন ও মর্জিনা বেগম নামের হতদরিদ্র অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘর ৩ মাসের মধ্যে পাইয়ে দেবে বলে আশ্বস্ত করে এবং উপরে মহলে কিছু খরচ খরচা আছে বলে প্রত্যেকের নিকট থেকে ৩৫ হাজার টাকা হিসেবে ৮ জনের নিকট থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা গ্রহণ করে। এরপর ঘর না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো বিভিন্ন সময় চেয়ারম্যানের দ্বার¯’ হলে টাকা ফিরিয়ে দেওয়া তো দূরের কথা উল্টো হুমকি ধামকি দেয়া হয়। এক পর্যায়ে ঘটনার দিন ২০২১ সালের ১০ জানুয়ারি বিধবা রেশমা বেগম তার বাড়ি গিয়ে টাকা ফেরত চাইলে চেয়ারম্যান তার প্রতি ক্ষুদ্ধ হয়ে তাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি নিয়ে ওই বিধবা আদালতের দ্বারহস্ত হলে বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। এরপর ঘটনার সত্যতা পূর্বক দাখিলকৃত তদন্ত রিপোর্ট আমলে নিয়ে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত সোমবার জয়নাল আবেদীন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।