রেজাউল করিম লিটনঃ
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে । এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। প্রধান আলোচকের বক্তব্য দেন চুয়াডাঙ্গা ২ আসনের এমপি আলি আজগর টগর। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্যা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও পুলিশিং কমিটির আহবায়ক প্রফেসর কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ বছর আগে সাধারন থানায় যেতে সাহস পেতো না। এখন নির্ধিদায় মানুষ থানায় যেয়ে কাজ করতে পারছে। পুলিশ জনতা ভাই ভাই। কমিউনিটি পুলিশিং চালু হওয়ায় সমাজে ঘটে যাওয়া ছোট ছোট অনেক সমস্যার সমাধান তারাই করছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। চুয়াডাঙ্গা জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর স্বহস্তে লিখিত রচনা মূল্যায়ন শেষে চারটি গ্রুপে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পাশাপাশি, ৪র্থ ও ৫ম স্থান অধিকারী এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও বিশেষ পুরস্কার দেওয়া হয়। এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সকাল ৯ টার দিকে সদর থানা চত্বরে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।