প্রথমবারের মতো নারী টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আজ কেপ টাউনে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে তারা ফাইনালের টিকিট পায়। রোববার ফাইনালে পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক দেশের নারীরা। উল্লেখ্য, আগের সাত আসরে পাঁচবারই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অজি নারীরা ষষ্ঠ ও প্রোটিয়ারা প্রথম শিরোপা লক্ষ্যে খেলবে ফাইনালে।
রান তাড়া করতে নেমে ইংলিশরা আয়াবোঙ্গা খাকা (৪/২৯) ও সাবনিম ইসমাইলের (৩/২৭) গতির আগুণে পুড়েছে। তারা অলআউট হয় ১৫৮ রানে। দুজন নেন সাত উইকেট।
অথচ ১২.৩ ওভার শেষে তিন উইকেটে ১০০ রান তুলে জয়ের সম্ভাবনা তৈরি করে ইংলিশরা। এরপর খাকার গতিতে ধ্বংস হয় ইংলিশ ব্যাটিং লাইনআপ। এক ওভারেই তিনি তুলে নেন অ্যামি জোনস, সোফি একলেস্টোন ও ক্যাথারিন শিভার-ব্রান্টকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি হিটার নাইটের দল।
এর আগে তাজমিন ব্রিটস ও লরা উলভার্টের অনবদ্য ব্যাটিং প্রদর্শনীতে চার উইকেটে ১৬৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বর্ষা নিক্ষেপ খেলা ছেড়ে ক্রিকেটে নাম লেখানো ব্রিটস ৫৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর পরীক্ষিত ব্যাটার উলভার্ট ৪৪ বলে ৫৩ রান করেন পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে। মারিয়ানে ক্যাপ ১৩ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলে দলের সংগ্রহটা সংহত করেন। ইংল্যান্ডের সোফি একলেস্টোন ২২ রানে তিনটি ও লরেন বেল ২১ রানে একটি উইকেট নেন।