চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য লিটন শেখ টিটন ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরহুম লিটন আলী টিটন শংকরচন্দ্র ইউনিয়নের কিরণগাছি গ্রামের মৃত নুর ইসলামের মেজ ছেলে এবং বর্তমান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিটন শেখ টিটন মেম্বার গত বুধবার দিবাগত রাত চারটার দিকে নিজ বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নিয়ে মিরপুর হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার নিজ গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, টিটনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু এবং জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। এক শোক বার্তায় তাঁরা বলেন, লিটন শেখ টিটনের অকাল প্রয়াণে দল ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আন্দোলন-সংগ্রামে আপসহীন অকুতোভয় ছিলেন তিনি। সততা ও সাহসিকতার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শে লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। টিটনের মতো দুঃসাহসিক নেতৃত্ব চিরদিন বিএনপি পরিবারের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ডেস্ক রিপোর্ট