রিফাত রহমান
জীবননগরে চোরাচালান বিরোধী অভিযানে উথলী-জীবননগর সড়কে ইজিবাইক তল্লাশী করে প্রায় ৫ কেজি ২৯৮ গ্রাম ওজনের ২৩টি অবৈধ স্বর্ণেরবারসহ দুজন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা অবৈধ স্বর্ণের মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত ইজিবাইক ও তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল মাসুদ পারভেজ রানা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল প্রায় সাড়ে ৪টার দিকে এক বার্তায় অবৈধ স্বর্ণসহ দুজনকে আটকের খবরটি সংবাদকর্মীদের জানান, আটক ব্যক্তি হলো, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিন চাঁদপুরের মরহুম মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস(৫০) ও একই পৌরসভার ঈশ্বরচন্দ্রপুরের মরহুম আসাদুল হকের ছেলে পিয়াস হোসেন (২১)।
ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল মাসুদ পারভেজ রানা আরো জানান, ভারতে স্বর্ণ চোরাচালান হবে এমন খবর পেয়ে তারই নের্তৃত্বে একদল বিজিবি সদস্য উথলী-জীবননগর সড়কে অবস্থান নেয়। এদিন ১২টার দিকে সীমান্তবর্তী জীবননগরে যাওয়ার সময় একটি ইজিবাইকের গতিরোধ করে চালক ও একজন যাত্রীর দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছে কোন কিছু না পাওয়ার পর তাদেরই দেখিয়ে দেয়া মতে ইজিবাইকে থাকা একটি ব্যাগ তল্লাশী করে উল্লেখিত অবৈধ স্বর্ণের সন্ধান পাওয়া যায়।
তিনি আরো জানান, আটক দুজন চোরাকারবারীদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা এবং জব্দ করা অবৈধ স্বর্ণেরবার গুলো পরীক্ষার পর নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার প্রক্রিয়াধীন রয়েছে।